logo

প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে

প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে

এক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-২ এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের কেন্দ্রে ভোট দেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে, ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার কেন্দ্রে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন।

তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন এবার ভোটকেন্দ্রে যেতে পারছেন না। এ বিষয়ে তিনি বলেন, জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন। তিনি চট্টগ্রামের ভোটার। 

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে সেনাসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এরমধ্যে ১ লাখ ৫৭ হাজার পুলিশ, ১ লাখ ৩ হাজার সেনাবাহিনী, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫ জন, র‌্যাবের ৯ হাজার ৩৪৯ জন এবং বিএনসিসির ১ হাজার ৯২২ জন সদস্য।

নৌবাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার এবং বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য দায়িত্ব পালন করছেন। ভোটের মাঠ পর্যবেক্ষণে সব বাহিনীর ড্রোন ব্যবহৃত হবে।

নির্বাচনি অপরাধের বিচার কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি তদন্ত কমিটিতে ৩০০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে বিদেশি সাংবাদিকরাও নির্বাচন কভার করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচনে সব মিলিয়ে ২ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বাকিরা ৫১টি দলের প্রার্থী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী।

সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে হওয়ায় এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে এই ভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে সম্প্রতি জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।