logo
Advertisement

পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ৫ কর্মকর্তার পদোন্নতি

এশিয়া পোস্ট নিউজ
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ৫ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ উচ্চপদস্থ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

Advertisement

রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ।

আদেশে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বপদে বহাল রেখে বা বদলিপূর্বক নতুন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার, এসবির ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন ও পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।