logo

এনটিআরসিএর প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

এনটিআরসিএর প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য আগামী শনিবারের (১৮ এপ্রিল) নিয়োগ পরীক্ষা ২ (দুই) মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট বিভাগ গত ২৫ মার্চ ইস্যুকৃত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও ২ (দুই) মাসের জন্য স্থগিত করেছেন। 

এই বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে হাইকোর্ট বিভাগ ২৫ মার্চ ইস্যুকৃত বিজ্ঞপ্তি কেন অবৈধ এবং আইনগত ক্ষমতাবহির্ভূত বলে ঘোষণা করা হবে না,  চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকার ও এনটিআরসিএর ওপর রুল জারি করেছেন।

দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩,৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়। 

এক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ (উনিশ) দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষাসংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।