বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর আশ্বাস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বৈঠকে মন্ত্রী ইতালিতে বসবাসরত প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর জোর দেন। জবাবে রাষ্ট্রদূত ঢাকা-রোম রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি (ফ্লাইটের সংখ্যা ও ধারাবাহিকতা) বৃদ্ধির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত ইতালীয় প্রতিষ্ঠান ‘দ্য এজ কোম্পানি’র পক্ষ থেকে বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য আধুনিক ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ (বিসিএমএস) তৈরির আগ্রহের কথা জানান। এছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের আন্তর্জাতিক মানের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ইতালির ‘ফ্লাইন অ্যারো’ কোম্পানির একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের আগ্রহের বিষয়েও মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
মন্ত্রী দেশের বিমান খাতের সামগ্রিক উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দেশের বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
এর আগে আফরোজা খানম সিঙ্গাপুরের বিখ্যাত প্রতিষ্ঠান এসএটিএসের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ওই সাক্ষাতে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পাওয়ার ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন।
মন্ত্রী সিঙ্গাপুরের প্রতিনিধি দলকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব আহ্বান করার পরামর্শ দেন এবং তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।







