logo

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির দাফন সম্পন্ন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ জানাজার নামাজ শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

তুরাগ নদে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা প্রকল্পের মসজিদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে উত্তরখানের রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিমানবাহিনীর অব. ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

নিহত সৌরি রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তারা তিন ভাই বোন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ সৌরি।

নিহত সৌরির বাবা কে এম এনায়েতুল করীম হেলাল এশিয়া পোস্টকে বলেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ নদীতে পাওয়া গেছে। ওই এলাকায় ও (সৌরি) কখনোই যায় না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক। সেই সঙ্গে হত্যাকারীদের বিচার হোক।

অপরদিকে নিহতের ছোট চাচা তাহসিনুল করীম সাউদি এশিয়া পোস্টকে বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে সৌরির মোবাইল থেকে তার মাকে বয়েস মেসেজ দিয়ে বলেছে, ও বাসায় আসছে। তারপর থেকেই তার মোবাইল বন্ধ ছিল। তাকে পাওয়া যাচ্ছিল না।