logo

শেখ হাসিনাকে প্লেনে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে প্লেনে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: বাসস

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বিমানে করে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিষয়ে ঢাকার অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত পরিষ্কার এবং বুঝতে কোনো অসুবিধা নেই। ভ্রমণের ক্ষেত্রে দুটি ধারা রয়েছে—একটি সাধারণ বা বেসামরিক যাত্রীদের জন্য এবং অন্যটি অপরাধীদের জন্য। শেখ হাসিনা অপরাধী শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ায় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।

ভারতের কাছে পাঠানো অনুরোধপত্রের জবাব মিলেছে কি না, প্রশ্নে তিনি জানান, বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে এবং বর্তমানে জবাবের অপেক্ষায় প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ভারতে শুধু শেখ হাসিনাই নন, দেশ থেকে লুটপাট ও মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া আরও অনেক আওয়ামী সন্ত্রাসী এবং হাদির খুনিরাও অবস্থান করছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশ এসব সন্ত্রাসীর হস্তান্তর চায়।

ভিয়েনা কনভেনশন নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা এখন গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। ভিয়েনা কনভেনশন বা অন্যান্য আইনি বিষয়ে ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলে লাভ নেই। প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বিমানে করে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই তাকে দেশে আনা হবে। বাংলাদেশে তার এবং তার লুটেরা পরিবার ও দলের আর কোনও স্থান নেই; দেশের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল শেখ হাসিনার সম্ভাব্য আগমনকে ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মুখপাত্র এই শব্দ ব্যবহার করে মূলত প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চেয়েছেন। তবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত আনার পথ এখনও খোলা রয়েছে। শেখ হাসিনা একজন ‘সাইকোপ্যাথ’, যিনি দুই হাজার মানুষ হত্যা করেও কোনো অনুশোচনাবোধ করেন না। তার কোনো রাজনীতি অবশিষ্ট নেই।

প্রতিমন্ত্রীর ভাষায়, এমন একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিয়ে ভারতও এখন তার পাগলামি ও অকারণ বিড়ম্বনার চ্যালেঞ্জ অনুভব করছে।

উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাড়িতে কোনো মেহমানকে দাওয়াত দেওয়ার পর তিনি যদি অদ্ভুত আচরণ ও উল্টাপাল্টা কথা বলতে থাকেন এবং নিজেও না বোঝেন যে তিনি অবাঞ্ছিত, তখন তাকে বেরও করা যায় না আবার সহ্যও করতে হয়, শেখ হাসিনাও এখন তাদের সম্পর্কের জন্য তেমনই এক বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন।

পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুঁশিয়ারি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু ‘পাগল’ থাকে। তবে বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং জাতীয় সরকার পর্যায়েই আনুষ্ঠানিক ও গুরুতর আলোচনা হয়ে থাকে। ফলে এ ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

এদিকে নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথিত ঘটনা নিয়ে ভারতের মুখপাত্রের উদ্বেগ ও তদন্ত দাবির প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ভুয়া খবর (ফেক নিউজ) হওয়া সত্ত্বেও তা নিয়ে প্রশ্ন তোলায় তিনি সাংবাদিকতার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং ভুয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন বা শিরোনাম তৈরির প্রবণতার সমালোচনা করেন।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া ও নবায়নপ্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যেই ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন এবং ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সব তথ্য গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।