দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে: বিএফইউজে মহাসচিব

এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে: বিএফইউজে মহাসচিব
সেমিনার কথা বলেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে উল্লেখ করে এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

Advertisement

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেছেন, ‘সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যের ওপর প্রতিষ্ঠিত। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই এবং আপস করারও কোনো সুযোগ নেই।’

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অপসাংবাদিকতার তীব্র সমালোচনা করে কাদের গনি বলেন, “তথাকথিত ‘বগল সম্পাদকরা’ এখন সমাজ ও পেশার জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তারা নামমাত্র পত্রিকা ছাপিয়ে, সেটি বগলে করে নিয়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে তদবির-বাণিজ্যে লিপ্ত হচ্ছেন। এসব বগল সম্পাদক ও হলুদ সাংবাদিকতার কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নিজের যা ইচ্ছা তা-ই লিখে দেওয়া কখনো সাংবাদিকতা হতে পারে না। অথচ সমাজে অহরহ এমনটা ঘটছে। এ জন্য কঠোর জবাবদিহিতা প্রয়োজন। আপনারা সবসময় সত্য লিখবেন, রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দেবে।’

সাংবাদিকদের নৈতিকতার তাগিদ দিয়ে বিএফইউজে মহাসচিব বলেন, ‘সাংবাদিকদের বিবেকসম্পন্ন হতে হয়। দুর্ভাগ্যবশত, আজকে আমরা অনেকেই নিজ থেকেই আত্মসমর্পণ করে বসে আছি। সাধারণ মানুষ দাস-সাংবাদিকদের মনে-প্রাণে ঘৃণা করে।’

এ সময় তিনি বিগত গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের দলদাস সাংবাদিকদের গণবিরোধী ভূমিকার কথাও কঠোর ভাষায় স্মরণ করিয়ে দেন।

একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করে কাদের গনি চৌধুরী অভিযোগ করেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সংবাদমাধ্যমের দ্বারা অপপ্রচারের আগ্রাসনের শিকার হচ্ছি।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত ১৪০টি ভুয়া প্রতিবেদন ছাপা হয়েছে। তারা মূলত দেশে দাঙ্গা বাধিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, ‘একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুয়া তথ্য প্রতিরোধ এবং জবাবদিহিমূলক কাঠামোর সমন্বয়ের মাধ্যমেই বাংলাদেশে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।