logo

ব্যবসায়ীদের রিটার্ন দাখিলে বিশেষ সুবিধা বাতিল

বাসস
ব্যবসায়ীদের রিটার্ন দাখিলে বিশেষ সুবিধা বাতিল
কোলাজ ছবি: এশিয়া পোস্ট

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিল ও কর পরিশোধের যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়ম অনুযায়ীই ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এবং প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ সংক্রান্ত আইন সংশোধনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে উত্থাপিত খসড়াটি মন্ত্রিসভায় পেশ করা হলে তা অনুমোদিত হয়।

অনুমোদিত খসড়া সংশোধনী অনুযায়ী, আগে প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমার যে সুযোগ ছিল, তার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ (প্রতি মাস) শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। তবে দাখিলপত্র জমা দেওয়ার নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী প্রথম কর্মদিবসে তা জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য (জিরো) রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিশেষ সুযোগ বহাল থাকবে।