ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালু করা হয়ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে আজ থেকে নারীদের জন্য এ সেবা চালু হয়েছে। ঈদের আগে তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এ ছাড়া ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) আজ ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এই বিশেষ উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান।
নারী কোচ উদ্বেধনে আরও উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে ঈদের শুভেচ্ছা জানান। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের নারী কোচের সংযুক্তি নিয়ে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
শেখ রবিউল আলম বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে ঈদযাত্রার সময় নারীদের জন্য ট্রেনে একটি করে কোচ সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এরপর রাতেই রেল-সচিবের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আজ বিষয়টি কার্যকর করা হয়েছে। ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ সংরক্ষণের বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে কাজ করা হবে।
মন্ত্রী বলেন, টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এই অবস্থায় একটি কোচ রিজার্ভ করা বেশ কঠিন। তারপরও আমরা নতুন দুটি কোচ চালু করেছি। একটি আজ থেকে সোনার বাংলা ঢাকা-চট্টগ্রামে এবং আরেকটি ঢাকা-সিলেট রুটে। ঈদের আগ পর্যন্ত এই তিন দিন নারীদের জন্য কোচ রিজার্ভ থাকবে। শুধুমাত্র নারীরাই ওই কোচে বসতে পারবেন।
