logo

শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা অবশেষে কর্মসূচি স্থগিত করেছেন। টানা ৭২ ঘণ্টা অনশনের পর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নেন।

শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে অনশনস্থলে শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবাসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন।

এরপর শহীদদের বাবারা শিক্ষার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান। তিন দিনের দীর্ঘ অনশন শেষে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এশিয়া পোস্টকে জানান, শহীদদের মা-বাবা এবং বোনদের অনুরোধে তারা অনশন ভেঙেছেন। তারা চান না, অনশনরত শিক্ষার্থীদের কোনোরকম ক্ষতি হোক। সাদিক মুনওয়ার মুনেম কোনোভাবেই অনশন ভাঙতে চাচ্ছিলেন না। অনেক জোর করেই ডাবের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙানো হয়। 

সরকার প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ৭২ ঘণ্টা যাবৎ অনশনরত শিক্ষার্থীদের দেখতে সরকারের তরফ থেকে কাউকে আসতে দেখা যায়নি। এ থেকে প্রমাণিত হয়, সরকার শিক্ষার্থীদের নিয়ে কোনোরূপ চিন্তা করেন না।

এর আগে, বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথম একজন শিক্ষার্থী অনশন শুরু করেন। একই দিন সন্ধ্যায় আরও একজন যোগ দেন। পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী এতে অংশ নিলে অনশন কর্মসূচি গতি পায়।

অনশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

পরবর্তীতে তাদের সাথে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকুস) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, পাবনা-০১ আসনের সংসদ সদস্য নাজিব মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. ফজলে রাব্বী সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।