ভোট দিয়ে পোস্টাল ব্যালট পাঠানো নিয়ে ইসির জরুরি বার্তা

আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট প্রয়োগ করবেন- তাদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ জানুয়ারি) ইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন।
‘রিটার্নিং অফিসারের নিকট নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধু ভোট গণনায় সম্পৃক্ত হবে।’ অর্থাৎ যেসব ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাবে না- সেগুলো গণনা করা হবে না।
এদিকে, আগামীকালের (রোববার) মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট নাও পৌঁছাতে পারে। সেজন্য প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে বলেছে ইসি।
উল্লেখ্য, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪, নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬, মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২, কাতারে ৭৬ হাজার ১৩৯ ও ওমান থেকে ৫৬ হাজার ২০৭ প্রবাসী নিবন্ধন করেছেন।
এছাড়া দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ১২ হাজার ৯০ জন কুমিল্লা জেলার।