গ্রেপ্তার না করলে নিজেই আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তার না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়ে শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন লতিফ সিদ্দিকী।
হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত এ জন্য আজ আদালতে এসেছি। যে মামলায় আমি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলাম। আজ কিন্তু আমি একটা প্রয়োজনে এসেছি। আপনারা (সাংবাদিকেরা) জানেন কী না জানি না, আমাকে আজ সকালবেলা জানানো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ওই মামলা। সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি, আজ যদি এখানে (আদালতে) আমি না আসি তাহলে মনে করা হবে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সেজন্য আজ এসেছি। এখন পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে তাহলে আগামি রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক নেতা বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমাকে যেতে হবে না। আর মধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। আমি কিন্তু এবার আর ২৮ তারিখের মত অপ্রস্তুত নই। তৈরি হয়ে আছি। আমার গাড়িতে ব্যাগ আছে, লেখালেখির জন্য খাতা-কলম আছে।’
আজ শাহবাগ থানার ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীসহ অন্য আসামিরা আদালতে হাজির দেন। তবে শাহবাগ পুলিশ মামলার প্রতিবেদন জমা দিতে পারেনি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাই আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী।
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
ইতোমধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল এবং শাহরিয়ার কবির।
.png)






