logo
Advertisement

বিদ্যুৎ সরবরাহ কেন কম, ব্যাখ্যা দিল আদানি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বিদ্যুৎ সরবরাহ কেন কম, ব্যাখ্যা দিল আদানি
আদানি পাওয়ার। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

জ্বালানি সংকটের ফলে দেশে কয়েক দিন ধরে চুক্তির তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। ভারতের রেলপথে যানজট ও পণ্য বোঝাইয়ের ওপর বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটে। এতে ১ হাজার ৬০০ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

আদানি পাওয়ার জানায়, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হয়েছে। এতে স্বাভাবিকের তুলনায় কয়লা সরবরাহ কমে গেছে এবং সাময়িকভাবে উৎপাদন সমন্বয় করতে হয়েছে।

জ্বালানি সংকটের ফলে দেশে চলমান লোডশেডিংয়ের মধ্যে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই প্রথম ব্যাখ্যা দিয়েছে আদানি পাওয়ার।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি থেকে বেশির ভাগ সময় গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, যা কেন্দ্রটির ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার তুলনায় অনেক কম।

বিবৃতিতে আদানি জানায়, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে রাখা হয়েছে।

কোম্পানিটি বলেছে, ‘আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পরিস্থিতি সম্পর্কে অবহিত রেখেছি এবং স্বাভাবিক রেকের প্রাপ্যতা দ্রুত নিশ্চিতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করে তারা বলছে, বিদ্যুৎ সরবরাহে প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে এবং বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আদানি পাওয়ার আরও জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে গেছে। ফলে পুরো অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে।

ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে এবং বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি একমাত্র বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে।