logo

হজযাত্রীদের বাড়িভাড়া নিয়ে জটিলতা, সতর্ক করল মন্ত্রণালয়

হজযাত্রীদের বাড়িভাড়া নিয়ে জটিলতা, সতর্ক করল মন্ত্রণালয়

চলতি বছরের হজযাত্রীদের জন্য এখনও অনেক এজেন্সি বাড়িভাড়ার চুক্তি করেনি। নির্ধারিত সময়ের মধ্যে বাড়িভাড়া না করলে যাত্রীরা হজ পালন করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি আরব। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত ২৪ জানুয়ারি সব লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

হজযাত্রীর উদ্দেশে ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

 

চিঠিতে আরও বলা হয়, গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়িভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া হবে না, সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে উল্লেখ করেছেন তিনি।

ইতোমধ্যে সরকারি মাধ্যমের সব হজযাত্রীর জন্য মক্কা-মদিনার বাড়িভাড়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে তাদের সব হজযাত্রীর মক্কা-মদিনায় শতভাগ বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীর বাড়ি ভাড়া করতে সমন্বয়কারী এজেন্সি তার লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা করবে।

আগামী ২৮ জানুয়ারির মধ্যে বাড়িভাড়া সম্পন্ন না করা হলে পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনায় তার প্রভাব প্রতিফলিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।