ওনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত, নাসীরুদ্দীনকে সিইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনকে নিয়ে সমালোচনা করেছেন। জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ওনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত।’
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, ‘উনি মুখের ওপর হক কথা বলতে পারেন। এটা বিরল গুণ। ওনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। প্রায় উনি আমাদের সঙ্গে দেখা করতেন। দেখা করে দরজার বাইরে গিয়ে আমাদের গালি দিতেন। গালি ওনার নতুন নয়। আমি ওনার বক্তব্যে সামান্যতম মনঃক্ষুণ্ন হইনি। উনি যেটা অন্তরে বিশ্বাস করেন, তাই বলেছেন, এটাই গণতন্ত্র।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার।
অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখানে অনেকে অনেক পজিটিভ কথা বললেন, কিন্তু এটা টোটালি একটা ইঞ্জিনিয়ারড ইলেকশন ছিল। এটাতে আপনারা অনেকে রাগ করবেন, নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমারে ঢুকতে দেবে কি না জানি না।’
এনসিপি নেতা বলেন, ‘ইনশা আল্লাহ, আরেকটা গণ-অভ্যুত্থান হলে প্রথমেই আমি এটাতে হাত দেব, যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক, অর্থাৎ গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করব। আমার ফার্স্ট টার্গেট হবে এটা।’
