আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

এশিয়া পোস্ট প্রতিবেদক
আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনাকে গুজবনির্ভর ‘মব সংস্কৃতির’ বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় আগৈলঝাড়া থানা পুলিশ বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (২৬) নামে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাও রয়েছে এবং গ্রেপ্তারের সময় তিনি মাদকের প্রভাবে ছিলেন বলে দাবি করা হয়। থানা হাজতে থাকাকালে তিনি নিজের মাথায় আঘাত করে আহত হন। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংগঠনটির দাবি, পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল ব্যক্তি আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, গুজবের ভিত্তিতে সংঘটিত এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলার জন্যই হুমকি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

সংগঠনটির মতে, প্রচলিত আইন অনুযায়ী অসুস্থ আসামির চিকিৎসার ব্যবস্থা করা পুলিশের আইনগত ও মানবিক দায়িত্ব এবং আগৈলঝাড়া থানা পুলিশ সেই দায়িত্বই পালন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, গুজব ও উস্কানির মাধ্যমে সংঘবদ্ধ হামলা পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাশাপাশি রাষ্ট্র ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে। একইসঙ্গে দেশের নাগরিকদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং যেকোনো অভিযোগ বা অসন্তোষ আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।