এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

ইপোস্টের সঙ্গে চুক্তি তদন্তে ডাক অধিদপ্তরের কমিটি গঠন

এশিয়া পোস্ট প্রতিবেদক
ইপোস্টের সঙ্গে চুক্তি তদন্তে ডাক অধিদপ্তরের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ইপোস্ট সফটওয়্যার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ ডাক অধিদপ্তরের ১০ বছরের গোপন চুক্তির বিষয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডাক অধিদপ্তর। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে ২০২২ সালের নভেম্বরে সব দায় ডাক অধিদপ্তরের ওপর রেখে ইপোস্টের সঙ্গে একপেশে ওই চুক্তিটি করা হয়েছিল।

Advertisement

এ নিয়ে গত ১৩ মে ‘লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের সঙ্গে ডাক বিভাগের ১০ বছরের গোপন চুক্তি’ শিরোনামে বিশেষ সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। এই সংবাদের প্রেক্ষিতে ইপোস্টের সঙ্গে ডাক অধিদপ্তরের তৎকালীন প্রশাসন কর্তৃক সম্পাদিত চুক্তির বিভিন্ন বিষয় তদারকিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ডাক অধিদপ্তর।

রোববার (২১ জুন) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

তিনি বলেন, গত ২৫ মে তিন সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে দিই। একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে আরও দুজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা এই কমিটিতে রয়েছেন। তাদের দায়িত্ব হলো পুরো চুক্তি মূল্যায়ন করে প্রতিবেদন তৈরি করা। চুক্তি কীভাবে হলো এবং সেখানে কোনো ব্যত্যয় হয়েছে কি না এবং ডাক অধিদপ্তরের ওপর কোনো দায় দেওয়া হলে সেগুলো কী এবং কীভাবে কাজ করবে; এই সবকিছুই কমিটি তদন্ত করবে।’

৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে কাজী আসাদুল ইসলাম বলেন, কমিটি আমাকে জানিয়েছে যে, অল্প কিছু দিনের মধ্যেই তারা প্রতিবেদন জমা দেবেন।