পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত এডিসিকে হাসপাতালে ভর্তি

ঢাকা-১১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ডা. এম এ কাইয়ুমের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাহফুজ্জামান সরকার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে হাতিরঝিল (পুলিশ প্লাজার পেছনে) ব্রিজে পুলিশের ওপর হামলা করে ব্যাপক মারপিট করে বিএনপির নেতাকর্মীরা।
এ সময় মাহফুজ্জামান সরকারের সঙ্গে থাকা তার বন্ধু আব্দুল্লাহ আল মামুনও আহত হয়েছেন। আহত দুজন বর্তমানে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার সময় ঘটনাস্থল থেকে হামলাকারী ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করে গুলশান থানা পুলিশ। পরে তাদের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে, বিস্তারিত পরে জানানো হবে।