logo

আজ দিনাজপুর যাবেন প্রধানমন্ত্রী

আজ দিনাজপুর যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর।

সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী জিয়া সেতু উদ্বোধন করতে দিনাজপুরে এসেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। খননকাজের উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন। 

এরপর বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনাজপুর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একইসঙ্গে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেন, প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তার স্মৃতিবিজড়িত এলাকা দিনাজপুরে আসছেন। দিনাজপুরবাসীসহ আমরা দলীয় নেতাকর্মীরা খুবই আনন্দিত। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন এবং গুরুত্ব বিবেচনায় দিনাজপুর থেকেই কাজটি শুরু হচ্ছে, এটি ভালো লাগার বিষয়।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (ক্রাইম) বলেন, প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।