logo

সিন্ডিকেট মুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে চলে যাব: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিন্ডিকেট মুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে চলে যাব: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ছবি : সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিন্ডিকেট মুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এটাই আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, চলে যাব।

মঙ্গলবার (২ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

​ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন—আমরা কি আশা করতে পারি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সিন্ডিকেট মুক্ত হবে? জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, এটাই আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, চলে যাব। সিন্ডিকেট মুক্ত করার বিষয়টি তিনি বিশেষভাবে নিচ্ছেন কি না, সাংবাদিকের এমন পাল্টা প্রশ্নে মন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, আমি এটা বিশেষভাবে নিচ্ছি এবং এটাই আমার চ্যালেঞ্জ।

​মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ দীর্ঘদিন যেটা আপনারা শোনেননি, ১০-১৫ দিন থেকে এক মাসের মধ্যে; সময়টা একটু বেশিও লাগতে পারে, তারপর আপনাদের সামনে এই প্রস্তাবনা দেখতে পাবেন। সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের শ্রমবাজারটা খুলে যাবে।