লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ২১ বাংলাদেশি

আফ্রিকার দেশ লিবিয়ার থাকা আরও ২১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, প্রত্যাবাসিত অভিবাসীরা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ২৯ এপ্রিল সকাল ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
পোস্টে আরও বলা হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ২০ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্রে) আটক ছিলেন এবং একজন ত্রিপলীর বিপদগ্রস্ত অবস্থা থেকে ফেরত যাচ্ছেন।
প্রত্যাবাসন প্রক্রিয়াকালে দূতাবাসের প্রতিনিধি মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এর আগে, গত ১ এপ্রিল লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। ওই বাংলাদেশিদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ও ৬২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।