logo

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে মোট ২৫ হাজার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহৃত হবে। একই সঙ্গে নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। পাশাপাশি নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১ লাখ, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০, পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫, র‍্যাবের ৭ হাজার ৭০০ এবং ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ সদস্য দায়িত্ব পালন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন ভোটকেন্দ্রিক দায়িত্বে থাকবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ ও আনসার ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাবের সমন্বয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে। এতে প্রতিটি বাহিনীর একজন করে প্রতিনিধি থাকবেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনি প্রশিক্ষণ মঙ্গলবারের মধ্যে শেষ হবে। এবারই প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

নির্বাচনে নজরদারির জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।