দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদ উদযাপন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এরপর সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য এটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এ বিষয়ে আমরা সব সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে।
ঈদের নামাজের পর সকাল ১০টার দিকে সালাহউদ্দিন আহমদ মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।