Advertisement

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকব: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট ডেস্ক
যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকব: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনো ভাবিনি যে এত বড় দায়িত্ব পাব। এটি দলের বিশ্বাস এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। যে পদেই থাকি না কেন, আমার ইচ্ছে আছে সবসময় জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যতই ব্যস্ত থাকি না কেন, সবসময় এলাকার জনগণ ও সামগ্রিক উন্নয়নের পাশে থাকব।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা তাকে অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। মতবিনিময়কালে তিনি উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি (বাংলাদেশ প্রতিদিন) মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক (সমকাল) দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহসভাপতি (স্টার টিভি) মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক (কালবেলা) শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক (বাসস) জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক (৭১ টেলিভিশন) আব্দুল লতিফ, প্রচার সম্পাদক (জিটিভি) সাজ্জাদ হোসেন এবং নারীবিষয়ক সম্পাদক (নিউজ ২৪) মোছা. শিউলী বেগম নাহিদ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম এবং নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগ।