Advertisement

বাংলাদেশে আইএফআরসির মানবিক সহায়তার প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলাদেশে আইএফআরসির মানবিক সহায়তার প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে আইএফআরসির বিদায়ী প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে। ছবি: সংগৃহীত

বাংলাদেশে দুর্যোগ মোকাবিলা, জলবায়ু সহনশীলতা এবং রোহিঙ্গা মানবিক সহায়তায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) অবদানের প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আইএফআরসির বিদায়ী প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রা।

সাক্ষাৎকালে আলবার্তো বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির বিভিন্ন মানবিক কার্যক্রম ও অর্জনের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতা ও গঠনমূলক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সফলভাবে দায়িত্ব পালন শেষ করায় আলবার্তো বোকানেগ্রাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির কার্যক্রমে তার নেতৃত্বের প্রশংসা করেন।

শামা ওবায়েদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও আইএফআরসির যে দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে, তা জরুরি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির অব্যাহত সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটে সংস্থাটির মানবিক সহায়তার প্রশংসা করেন।

তিনি জলবায়ু সহনশীলতা জোরদারে, বিশেষ করে নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।