এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা নিয়ে শঙ্কা

বঙ্গোপসাগরে চলতি এপ্রিল মাসেই একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এ ছাড়া এ মাসে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে পাঁচ থেকে সাত দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ অন্তত তিন দিন কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
অন্যদিকে চলতি এপ্রিলে দেশে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এক থেকে দুটি তীব্র (৪০ থেকে ৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ ছাড়া এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০ থেকে ৫.০ মি.মি. এবং গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।