দুই দফায় ৮ দিন ছুটি কাটানোর সুযোগ

আসন্ন জাতীয় নির্বাচন এবং শবেবরাতকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় আট দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
ক্যালেন্ডার ও সরকারি ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সামান্য কৌশলী হলে এই বড় দুটি ছুটি উপভোগ করতে পারবেন কর্মচারীরা। এর মধ্যে প্রথম দফায় মাসের শুরুতেই থাকছে টানা চার দিনের ছুটি।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ৩ তারিখ রাতে শবেবরাত পালিত হবে। সে উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন (বৃহস্পতিবার) অফিস থেকে একদিন ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি। কেননা এরপরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এ ছাড়া জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১১ (বুধবার) ও ১২ (বৃহস্পতিবার) ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পরের দুদিন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মিলছে টানা আরও চার দিনের ছুটি।
উল্লেখ্য, তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।
এছাড়া এবার ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।