ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ডিআরইউ’র

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রোববার (৮ মার্চ) সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু ঈদের সময় সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।
‘ঈদের সময় কোনো হকার পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।’
উল্লেখ্য, গত ঈদুল আজহায় ডিআরইউ’র দাবির প্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণার করা হয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডিআরইউ’র নেতারা। তারই ধারাবাকিতায় এবারও পাঁচ দিন ছুটি ঘোষণা করা হবে বলে দাবি জানানো হচ্ছে।