logo
Advertisement

অপ্রতিম হত্যার দায় স্বীকার করেছে আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
অপ্রতিম হত্যার দায় স্বীকার করেছে আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম ও সালাহউদ্দিন আহমদ (বাঁ থেকে)। কোলাজ: এশিয়া পোস্ট

কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় পুরো দেশ মর্মাহত। তবে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গ্রেপ্তার করা আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাছ থেকে অপরাধের প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধীদের একটি দলের সম্পর্ক ছিল বলেও জানান তিনি।

ঘটনাটির বিচার প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, আশা করি রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। বিচার বিভাগ এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করছি।

আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশজুড়ে আলোচিত এ ধরনের অধিকাংশ ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। যেসব ঘটনা এখনও বাকি রয়েছে, সেগুলোর রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকার শঙ্কিত নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধীদের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র নেই বলেও মন্তব্য করেন তিনি।