ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড বিতরণ: কৃষিমন্ত্রী

কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। বৈঠকে মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী জানান, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র নারীদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। কার্ডধারীরা এর মাধ্যমে নগদ ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষের মধ্যে এই কার্ড বণ্টন করা হবে। এ লক্ষ্যে কিছু এলাকা এরই মধ্যে নির্বাচন করা হয়েছে। তবে প্রথম ধাপে ঠিক কতজন এই সুবিধার আওতায় আসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে তিনি জানান।