সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী
ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘লোকসানে থাকা সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের জমা রাখা সম্পূর্ণ অর্থ সুদসহ ফেরত পাবেন।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমানতের অর্থ থেকে কোনো অংশ কেটে রাখার (যা ‘হেয়ারকাট’ নামে পরিচিত) কোনো প্রশ্নই আসে না। তবে লোকসানে থাকা ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।’

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে সরকারি দলের সংরক্ষিত নারী আসন-৪-এর সদস্য রেহানা আক্তার রানুর উত্থাপিত এক জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

নিশ্চয়তা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো হেয়ারকাট হবে না। আমানতকারীরা তাদের মূল টাকা ও সুদ দুটিই ফেরত পাবেন। আমি এ বিষয়ে আপনাদের পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি।’

তিনি জানান, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতের অনিয়মের মাধ্যমে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে একটি সমন্বিত আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে।

এ সময় ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কারণে অর্থ ফেরতের এই পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।