ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তারেক রহমান ও তার সহধর্মিণী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে নৈশভোজের একটি ছবি প্রকাশ করা হয়।
ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পাশে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এবারের অধিবেশনে বিশ্বের অন্তত ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন। তাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
একই দিন সকালে জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশেষ প্রাতরাশ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
