logo

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সুরভি স্কুল পরিদর্শন

যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সুরভি স্কুল পরিদর্শন

রাজধানীর ধানমন্ডির সুরভি স্কুল এবং একটি স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার এবং দেশটির রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রোববার (১৯ এপ্রিল) এ পরিদর্শনে তারা সুরভি স্কুলের প্রতিষ্ঠাতা সাইয়েদা ইকবাল মান্দ বানুর সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনায় স্কুলটির শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবার সমন্বিত কার্যক্রম এবং এই মডেল কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে ভূমিকা রাখতে পারে তা গুরুত্ব পায়। এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শিক্ষা ও শিশু কল্যাণে সহযোগিতার ওপর বৃহত্তর গুরুত্বকেও প্রতিফলিত করে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

এর আগে প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান এবং প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শাহিনা খান জামান, সুরভির নির্বাহী পরিচালক আবু তাহের, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফারহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, অধ্যাপক মোরশেদ হাসান, ড. আমান উল্লাহ মেহেদী ও ড. মোস্তাফা আজিজ সুমন।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে ৩০০ জনের বেশি শিক্ষার্থীর জন্য দাঁত, চোখ ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

উভয় প্রতিষ্ঠান তাদের দীর্ঘদিনের কার্যক্রম নিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে এবং পরে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।