logo

এলপিজি কার্ডে নারীদের জন্য ভর্তুকি মূল্যে মিলবে সিলিন্ডার : জ্বালানি প্রতিমন্ত্রী

এলপিজি কার্ডে নারীদের জন্য ভর্তুকি মূল্যে মিলবে সিলিন্ডার : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের নারীদের রান্নার কাজ সহজ ও সাশ্রয়ী করতে ‘এলপিজি কার্ড’ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে তারা ভর্তুকি মূল্যে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যশোর থেকে ঘোষণা দিয়েছেন, আগামীতে আমাদের মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে প্রত্যেক নারীর জন্য একটি করে এলপিজি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তারা সহজ ও সাশ্রয়ী মূল্যে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

এ সময় কষ্টের এক স্মৃতি তুলে ধরে যশোর-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, গতকাল আমার রাজপথের সাথি কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ইরান উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসার পথে মারা গেছেন। যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ ২০ বছর আগে নেওয়া হলেও সেই মেশিনগুলো বক্সবন্দি হয়ে পড়ে আছে। এতে হৃদরোগীদের ঢাকা বা খুলনা নেওয়ার পথে প্রাণ হারাতে হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এর আগে গত সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় এক জনসভায় ‘এলপিজি কার্ড’ চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

পারিবারিক সচ্ছলতার জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর পাশাপাশি গৃহিণীদের রান্নার জ্বালানি সংকট দূর করতে এই বিশেষ কার্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।