logo

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক, চালকদের মিশ্র প্রতিক্রিয়া

রাফিদুল ইসলাম রাজু
মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক, চালকদের মিশ্র প্রতিক্রিয়া
বাংলামোটর থেকে শাহবাগের দিকে সিগন্যাল মেনে চলছে মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহন। ছবি: এশিয়া পোস্ট

মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট লাগানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজধানীর মোটরসাইকেল চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিরাপত্তার স্বার্থে অনেকে এই পদক্ষেপকে স্বাগত জানালেও, কেউ কেউ বলছেন এর ফলে বাইকের সৌন্দর্য নষ্ট হবে এবং এটি চালকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে বিআরটিএর এই নতুন নির্দেশনা নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। চালকদের একটি অংশ মনে করছেন, সামনে নম্বর প্লেট থাকলে কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হবে।

কলেজছাত্র তাজিম আহম্মেদ বলেন, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর সিদ্ধান্তটি অবশ্যই ভালো উদ্যোগ। মোটরসাইকেল ব্যবহার করে কেউ ছিনতাই বা অন্য কোনো অপরাধ করলে নম্বর প্লেটের মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা সহজ হবে।

অন্যদিকে, বেসরকারি চাকরিজীবী শাওন আবির বলেন, “বিষয়টি চালকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে হলেও নিরাপত্তার স্বার্থে এটি গুরুত্বপূর্ণ। সামনে নম্বর প্লেট লাগালে মোটরসাইকেলের সৌন্দর্য কিছুটা নষ্ট হতে পারে, তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিলে এ উদ্যোগ প্রয়োজনীয়।”

আইন প্রয়োগকারী সংস্থার প্রস্তুতির বিষয়ে ট্রাফিক সার্জেন্ট ওবায়দুজ্জামান বলেন, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আমাদের কাছে নির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে নির্ধারিত সময়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানো হলে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ সহজ হতে পারে। তবে নির্দেশনাটি সফলভাবে বাস্তবায়নে চালকদের সচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।