গণতান্ত্রিক অভিযাত্রায় সহযাত্রী হবে এশিয়া পোস্ট: সাইফুল হক

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সহযাত্রী হবে এশিয়া পোস্ট। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (১১ মে) দুপুরে এশিয়া পোস্টের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এশিয়া পোস্টকে শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের কাছ থেকে পেশাদারত্ব চাইবো। বস্তুনিষ্ঠ সংবাদ চাইবো। আপনারা এমন একটা সময়ে যাত্রা শুরু করেছেন, যখন মানুষের বিপুল প্রত্যাশা, যখন একটা নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। মানুষের মধ্যে হিমালয় সমান প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করি, এশিয়া পোস্ট দেশের গণমানুষের প্রত্যাশা ধারণ করবে।
তিনি বলেন, খবরের জন্য এখন মানুষ মূলত অনলাইন সংবাদমাধ্যমের ওপর নির্ভর করে। বর্তমানে অনেক সংবাদমাধ্যম আছে। কিন্তু মানুষ তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে চায়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, মানুষের দৈনন্দিন স্বপ্ন-আকাঙ্ক্ষাকে সঙ্গী করে যদি গণমাধ্যম তার পথ চলতে পারে তাহলে একটা অসাম্প্রদায়িক দেশ তৈরি হবে। এশিয়া পোস্ট যদি সেই পথে চলতে পারে, আমি মনে করি তাহলে আজকের এই উদ্বোধন সফল হবে।