logo

২০৩৩ সালের মধ্যে বাস্তবায়ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানিসম্পদ মন্ত্রী

২০৩৩ সালের মধ্যে বাস্তবায়ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, পদ্মা অববাহিকার বিস্তীর্ণ কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রস্তাবিত এই প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রায় এক-তৃতীয়াংশ আয়তনজুড়ে বিস্তৃত এই অঞ্চলে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের বসবাস, যাদের জীবিকা অনেকাংশে নদীনির্ভর। এ কারণে প্রকল্পটি নদীনির্ভর জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী হিসেবে বিবেচিত।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণা দীর্ঘদিনের। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে এ প্রকল্প প্রণয়নের লক্ষ্যে চারটি সমীক্ষা পরিচালিত হয়। পরে ২০০২ সালে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়।

২০০৪ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে একটি বিস্তারিত সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়, যা ২০১৩ সালে সম্পন্ন হয়। এর ভিত্তিতে প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত করা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারেও পদ্মা ব্যারেজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সে ধারাবাহিকতায় পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল থেকে জুন ২০৩৩ পর্যন্ত।