কেউ যেন ভোটে কারচুপির চিন্তা না করে: ইসি সানাউল্লাহ

দেশে কেউ যেন কখনো কারচুপিমূলক ভোটের চিন্তা না করে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেছেন, এমন চিন্তা করলে নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে, সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে (বগুড়া-৬) ছোট করে দেখার সুযোগ নেই। কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনে কিছু প্রিসাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ছয়জন। এ ছাড়া অস্ত্রসহ তিনজন আনসার সদস্য এবং অস্ত্র ছাড়া আরও ১০ জন আনসার সদস্য দায়িত্বপালন করবেন।
অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনও চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আহমেদ তমাল, রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমসহ সংশ্লিষ্টরা।