সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

ঢাকায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু হেনা রাসেল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় বসবাস করতেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সর্বশেষ খবর সংযোগ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সমকাল, কালেরকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনের এক শোকবার্তায় বলা হয়, ‘তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’
সাংবাদিক মহলে আবু হেনা রাসেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
.png)






