logo
Advertisement

শ্রম অধিকার ও শিল্প শান্তি নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

এশিয়া পোস্ট প্রতিবেদক
শ্রম অধিকার ও শিল্প শান্তি নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়
আইএলও প্রতিনিধি ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা। ছবি: ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মিডিয়া সেল সৌজন্যে

বাংলাদেশে শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের নিরাপত্তা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনায় শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে আইএলওর লক্ষ্য ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক সামঞ্জস্যের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

সভায় ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ মতবিনিময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার একটি কার্যকর ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইএলও ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার সুরক্ষা, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।