মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস শনিবার (২৮ ফেব্রুয়ারি) জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা, গুজব না ছড়ানো এবং জরুরি কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলেছে।
অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের পাশাপাশি জমায়েত বা সভা-সমাবেশ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
সবকটি দূতাবাসই উল্লিখিত ছয়টি দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইনস্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কয়েকটি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও বিশেষভাবে সতর্ক করেছে। বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা এসব দেশের প্রচলিত আইনের পরিপন্থি। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর-
যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশি প্রবাসীদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের নির্দিষ্ট হটলাইন নম্বর ও ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
লেবানন: ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ)– ৭১২১৭১৩৯, হেল্প লাইন- ৮১৭৪৪২০৭, হটলাইন- ৭০৬৩৫২৭৮
কাতার: হটলাইন- +৯৭৪ ৩৩৩৬২০০০। ই–মেইল: [email protected]
সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ই–মেইল: [email protected]
সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩। ই–মেইল: [email protected]
বাহরাইন: হেল্পলাইন- +৯৭৩ ৩৩৩৭৫১৫৫। ইমেইল: [email protected]
কুয়েত: হটলাইন- +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১। ই–মেইল: [email protected]
ইরাক: হটলাইন (হোয়াটসঅ্যাপ)- +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০। ই–মেইল: [email protected]।