logo

রমজানে মেট্রোরেলের সময় বদল, দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা

রমজানে মেট্রোরেলের সময় বদল, দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজধানীর মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময় অনুযায়ী চলবে ট্রেন। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে ডিএমটিসিএলের পরিচালক প্রশাসন এ কে এম খায়রুল আলম স্বাক্ষর করেন। রমজানে যাত্রীদের ইফতারের সময় পানি বহনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।


রমজানে ইফতারের সময় বিবেচনায় যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন না পড়ে যায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বের হওয়ার গেটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে।

এ ছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেলের পূর্বনির্ধারিত সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।