logo

আরও ৭ মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পিএস-এপিএস হলেন যারা

আরও ৭ মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পিএস-এপিএস হলেন যারা

বিএনপি সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রতিমন্ত্রী মিলিয়ে আরও সাতজনের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী একান্ত সচিবদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (নবম গ্রেড) ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে নিয়োগ পেয়েছেন।

আরও বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যত দিন নিজ পদে থাকবেন বা সংশ্লিষ্টদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের একান্ত সচিব হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই সঙ্গে মন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. মাকসুদুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন ইকবাল হাসান মাহমুদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব মো. শফিকুর আলম। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফরোজা খানম রিতা।

এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের একান্ত সচিব হয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপসচিব) মো. তানজিল্লুর রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবিরের একান্ত সচিব হয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা উপসচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে উপদেষ্টার সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জোবায়ের হোসেন।

প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুর রহমান।

আগে যারা হলেন

এর আগে ছয়জন মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও দুজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আল মুনজির বিন ওবায়েদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল আউয়াল। খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মীর সোলাইমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক মো. খাইরুল আমিন। গত ২২ ফেব্রুয়ারি এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী তারাও সমান সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।