logo

মৃত প্রবাসীর পরিবার থেকে ঘুষ গ্রহণ, প্রতিমন্ত্রীর নির্দেশে বরখাস্ত ৩

মৃত প্রবাসীর পরিবার থেকে ঘুষ গ্রহণ, প্রতিমন্ত্রীর নির্দেশে বরখাস্ত ৩
ছবি: সংগৃহীত

মৃত প্রবাসীর পরিবারের কাছ থেকে আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন— ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।

শনিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া ঋণ দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, ময়মনসিংহের গফরগাঁও পাতলাশী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. কাইয়ুম। তিনি সৌদি আরবে মারা গেছেন। তার মৃত্যুর কারণে আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ অর্থ গ্রহণ করেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান, অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী শনিবার (২৩ মে) থেকে তাদের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন প্রচলিত বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রবাসী এবং তাদের পরিবারের সেবা প্রদানে দেশে এবং দূতাবাসে যে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে অন্যান্য কর্মকর্তাদেরও তিনি সতর্ক করেন।