১ ডলারের বিয়ার কক্সবাজারে ১৪০০ টাকা হলে বিদেশিরা কেন আসবে: এমপি নাসের

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এম নাসের রহমান বলেছেন, বিদেশে ১ ডলারে যে বিয়ার পাওয়া যায়, সেই বিয়ার কক্সবাজারে এসে যদি ১২ ডলার বা ১ হাজার ৪০০ টাকায় কিনতে হয় তাহলে বিদেশিরা কেন বাংলাদেশে ঘুরতে আসবেন। পর্যটন খাতের ব্যয়, সেবা ও বিনোদন কাঠামো নতুন করে ভাবতে হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মনিটর এই মেলার আয়োজন করেছে।
তিনি বলেন, বর্তমানে বিদেশ থেকে আসা অনেক পর্যটক ব্যাকপ্যাকার শ্রেণির, যারা খরচের বিষয়টি গুরুত্ব দেন। কিন্তু কক্সবাজারে খাবার, পানীয় ও বিনোদনের খরচ অস্বাভাবিক বেশি থাকলে তারা বাংলাদেশকে গন্তব্য হিসেবে বেছে নিতে নিরুৎসাহিত হন।
এম নাসের বলেন, যদি একজন পর্যটক নিজ দেশে ১ ডলারে বিয়ার পান, কিন্তু কক্সবাজার-এ এসে সেটি ১২ ডলারে কিনতে বাধ্য হন, তাহলে তিনি কেন বাংলাদেশে আসবেন এটি আমাদের বুঝতে হবে।
তিনি বলেন, পর্যটকবান্ধব মূল্যনীতি, আন্তর্জাতিক মানের বিনোদন এবং সেবার ভারসাম্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে জেট ফুয়েলের দাম কমানোর বিষয়েও আশ্বস্ত করেন তিনি। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।