logo

জ্বালানি সংকট নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

জ্বালানি সংকট নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা চলাকালে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই।

সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য মীর আহমেদ বিন কাশেমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে এ মন্তব্যের পরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন। এতে তিনি কিছু সময়ের জন্য বক্তব্য থামিয়ে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার বিরোধী সদস্যদের শান্ত হতে বলেন। এরপর প্রতিমন্ত্রী আবারও তার বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, যাতে বাংলাদেশে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।

শামা ওবায়েদ বলেন, সরকার মধ্যপ্রাচ্যের বাইরেও জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণে কাজ করছে এবং বিকল্প সরবরাহ চ্যানেল অনুসন্ধান করছে, যাতে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকে।

তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায় এবং খাতটির স্থিতিশীলতা বজায় থাকে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত প্রবাসীদের।

তিনি সংসদকে জানান, সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে।

সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কয়েকজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন, অন্যদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি জানান, সরকারের সহায়তায় চার্টার্ড ফ্লাইটে ইরানের তেহরান থেকে মোট ১৮৬ বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা ও সমন্বয় অব্যাহত রয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

তিনি বলেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো বিশ্বের যেখানেই বাংলাদেশিরা থাকুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহুমুখী উৎসের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখা।

শামা ওবায়েদ আরও বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি সরবরাহ ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করছে।