logo

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
ছবি: অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শনিবার (১০ অক্টোবর) পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। সদস্য সচিব রয়েছেন প্রশাসন অধিশাখার উপসচিব। মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন।

প্রসঙ্গত, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষার সময় নির্ধারিত ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে গেলে স্থগিত করে দেওয়া হয় চাকরির এই নিয়োগ পরীক্ষা।

পরীক্ষা স্থগিতের পর বিভিন্ন কেন্দ্রের চাকরি প্রার্থীরা বিক্ষোভ মিছিলও করেন।

উল্লেখ্য, ২৪২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর।