ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ছাত্র আন্দোলনকে বাইরে থেকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ৫ম জাতীয় বিতর্ক উৎসবে তিনি এ মন্তব্য করেন। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে এর আয়োজন করা হয়।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অন্যের প্রতি বিবেচনাবোধ একজন মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করে। অন্যের প্রতি বিবেচনা বোধ আছে বলেই মানুষ ফুঁসে ওঠে, বিদ্রোহ করে, ঐক্যবদ্ধ হয় এবং জীবন দিতে প্রস্তুত থাকে।
ঢাকা কলেজের পরিবর্তন দরকার উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ঢাকা কলেজের চেহারার দিকে তাকালে মনে হয় এটা ঐতিহ্যবাহী কলেজ। বিগত সময়ে কলেজের চেহারা আমরা যেভাবে দেখেছি প্রায় সেরকম এখনও আছে। এখন দেখে মনে হয়, কলেজের পরিবর্তন দরকার।
ঢাকা কলেজের ক্যাম্পাসের যতটুকু জায়গা আছে, তার মাস্টারপ্ল্যান তৈরি করে উন্নয়ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তরুণ প্রজন্ম ২০২৪ সালে বড় ইতিহাস সৃষ্টি করেছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, হাজার হাজার তরুণ এখনও নিজের শরীরে ক্ষত বয়ে চলেছে। কেউ চোখ দিয়ে দেখতে পারে না, কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন।



