অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় পে-স্কেল কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। চলতি মাস (জানুয়ারি) থেকেই আংশিকভাবে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে মূল বেতন ছাড়াও পেনশন, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়ে সবশেষ সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ২১ জানুয়ারি পরবর্তী সভায় বেতনের হার চূড়ান্ত হতে পারে। এরপর তা বাস্তবায়ন করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের সুপারিশ অনুযায়ী— চলতি মাসের ১ তারিখ (জানুয়ারি) থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকরের কথা বলা হয়েছে। এছাড়া ১ জুলাই থেকে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে।
বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৮ হাজার ২৫০ টাকা। নতুন প্রস্তাবে বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার ওপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮।
এদিকে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। সেজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে, সামরিক বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ প্রায় ২৪ লাখ মানুষ এই নতুন পে-স্কেলের সরাসরি সুবিধাভোগী হতে যাচ্ছেন।