খেলাধুলা ও সংস্কৃতিকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অন্যান্য প্রচলিত পেশার মতো খেলাধুলা ও সংস্কৃতিকেও একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে সরকার। তরুণ প্রজন্ম যেন ভবিষ্যতে এটিকে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যেই কাজ চলছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, দক্ষ ও মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার সারা দেশে ‘নতুন কুঁড়ি’ নামক একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ দেওয়া হবে।
বিদেশি অপসংস্কৃতির প্রভাবে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি বিলুপ্তির পথে বলে আশঙ্কা প্রকাশ করে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে আবারও মাঠে ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সরকারি কার্যক্রম অব্যাহত রয়েছে। হারিয়ে যেতে বসা দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ ধরনের মেলা ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিলুপ্তপ্রায় বিভিন্ন গ্রামীণ খেলাধুলা এবং জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল। অনুষ্ঠানে অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।